পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প যার সঙ্গে সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত: পর্যটনমন্ত্রী

পর্যটনমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর বৈঠক
পর্যটনমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর বৈঠক | ছবি: সংগৃহীত
0

পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প যার সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ২-৩ শতাংশ। আমরা এ অবদানকে ৭-৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ (সোমবার, ২৪ আগস্ট) সকাল ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে পর্যটন মন্ত্রণালয়ের উন্নয়ন শীর্ষক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ কথা বলেন।

এসময় কালচারাল ট্যুরিজম উন্নয়নে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, ‘আজকের সভায় প্রাথমিকভাবে একসঙ্গে কাজ করার লক্ষ্যে দুই মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষর করার সিদ্ধান্ত হয়েছে। সাক্ষরের পরে অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ শুরু হবে। দেশের কালচারাল ট্যুরিজমকে এগিয়ে নেয়ার জন্য জয়েন্ট টাস্কফোর্স অ্যান্ড কালচারাল ট্যুরিজম বোর্ড গঠন করা হবে।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দেশের বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য নজরুল বর্ষের প্রচারণার প্রস্তাব করলে পর্যটনমন্ত্রী বলেন, ‘নজরুল বর্ষ উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হবে।’

সভাপতির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমাদের দেশিয় ঐতিহ্য হাজার বছরেরে পুরনো। এ ঐতিহ্যকে সংরক্ষণ করে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চায় বর্তমান সরকার। আমাদের ঐতিহাসিক স্থাপনাগুলোকে পর্যটন থিমকে লক্ষ্য রেখে উন্নয়ন করা হবে। আমাদের ৫৫৪ টি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান আছে যেগুলোতে পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের টাস্কফোর্স পরিদর্শন করবেন। এরপর উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

সভায় অন্যান্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসিসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

জেআর