বুয়েটে প্রতিদিন পাঁচ ঘণ্টা করে হবে লোডশেডিং: বিজ্ঞপ্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় | ছবি: এখন টিভি
0

বিদ্যুৎ সরবরাহের স্বল্পতার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিদিন পাঁচ ঘণ্টা লোডশেডিং হবে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বুয়েট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেছে।

অপরদিকে দিনের বেলা গ্যাসের চাপ অত্যন্ত কম থাকায় লোডশেডিংয়ের সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জেনারেটরের মাধ্যমেও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল (রোববার, ২৩ আগস্ট) বুয়েটের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুয়েটের প্রধান প্রকৌশলী ড. এ কে এম জাহাঙ্গী আলমের স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের সব ডিন, পরিচালক, বিভাগ ও অফিসপ্রধান, হলের প্রভোস্ট, পরিবেশ কমিটি, বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৬টা থেকে ৭টা, সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ২টা থেকে ৩টা, রাত ১২টা থেকে ১টা এবং রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দিনে ও রাতে মোট পাঁচ ঘণ্টা লোডশেডিংয়ের মুখে পড়বে বুয়েট ক্যাম্পাস।

বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের বেলা গ্যাসের চাপ কম থাকায় লোডশেডিং চলাকালে নিজস্ব জেনারেটরের মাধ্যমে ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। আজ (সোমবার, ২৪ আগস্ট) থেকে এই সিডিউল কার্যকর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুয়েটের প্রধান প্রকৌশলী ড. এ কে এম জাহাঙ্গীর আলম বলেন, ‘রোববার বিকেলে নোটিশটি জারি করেছি। আমরা চেষ্টা করছি যাতে লোডশেডিং না দিতে হয়। ডিপিডিসি যেই মুহূর্তে বিষয়টি সমাধান করতে পারবে তখনই স্বাভাবিক হবে।’

এএইচ