স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে আলোচনায় বসবে বিআরটিএ

বিআরটিএ সদর দপ্তরে স্লিপার বাস মালিক সমিতির স্মারকলিপি প্রদান
বিআরটিএ সদর দপ্তরে স্লিপার বাস মালিক সমিতির স্মারকলিপি প্রদান | ছবি: সংগৃহীত
0

স্লিপার বাস চলাচল নিয়ে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। তবে প্রচলিত আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

আজ (রোববার, ২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে স্লিপার বাস মালিক সমিতির স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘সমিতির স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। এতে উত্থাপিত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। তবে আইনের বিষয়ে কোনো দ্বিমতের সুযোগ নেই। আইন বাস্তবায়নে বিআরটিএ কঠোর অবস্থানে রয়েছে।’

তিনি বলেন, ‘দেশের প্রচলিত আইন সবার জন্য সমান। প্রত্যেক নাগরিক ও প্রতিষ্ঠানকে আইন মেনেই চলতে হবে। স্লিপার বাসসহ যেকোনো ধরনের সংস্কার বা পরিবর্তনের বিষয়ে মালিকদের বক্তব্য শোনা হবে। এরপর আইন অনুযায়ী বিআরটিএর পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেয়া সম্ভব, তা করা হবে।’

মালিকদের পক্ষ থেকে স্লিপার বাস বন্ধ না করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবির বিষয়ে হাবীবুর রহমান বলেন, ‘যেকোনো সংগঠন তাদের দাবি ও বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারে। বিআরটিএও তাদের বক্তব্য শুনবে। তবে আইন লঙ্ঘন করে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই।’

এর আগে স্লিপার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং এ ধরনের বাসের জন্য সুনির্দিষ্ট নীতিমালা তৈরির দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি।

সমিতির নেতারা বলেন, স্লিপার বাস পুরোপুরি বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণ করা উচিত। এ জন্য একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন করে স্লিপার বাস চলাচলের সুযোগ দেয়ার দাবি জানান তারা।

তাদের দাবি, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এ খাতের সঙ্গে চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। তাই সংশ্লিষ্টদের স্বার্থ বিবেচনায় নিয়ে আইনসম্মতভাবে স্লিপার বাস চলাচলের ব্যবস্থা করার আহ্বান জানান মালিকরা।

এএইচ