শপিং মল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

রাজধানীর শপিংমল
রাজধানীর শপিংমল | ছবি: এখন টিভি
0

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আজ (বুধবার, ১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়।

স্মারকে বলা হয়েছে, ১২ আগস্ট থেকে শপিং মল, মার্কেট ও দোকানগুলো বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে সংশ্লিষ্টদের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এসএস