একাত্তরের মতো জুলাইয়ের ইতিহাস নিয়েও বিকৃতি যেন না হয়: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১৯৭১ সালের ইতিহাস নিয়ে যেমন বিতর্ক হয়েছে, তেমনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের ইতিহাসও যেন বিকৃত বা হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) রাজধানীর চ্যামেলি হাউসে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব-২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও ১৯৭১ সালের সব শহিদ ও মুক্তিযোদ্ধার নির্ভুল তালিকা প্রস্তুত না হওয়া জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।’ তিনি বলেন, ‘যেকোনো মূল্যে জনগণের রায় বাস্তবায়ন করতে হবে।’

আরও পড়ুন:

জামায়াত আমির বলেন, ‘ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে চলবে না, নতুন প্রজন্মের কাছে তা সঠিকভাবে তুলে ধরতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সময় পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন, তখন আশ্রয় দেয়ার মতো কেউ ছিল না। সেই আন্দোলনের কৃতিত্ব কোনো একক রাজনৈতিক দল দাবি করতে পারে না। অথচ এখন অনেকেই নিজেদের জুলাই আন্দোলনের ‘‘মাস্টারমাইন্ড’’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে।’

তিনি অভিযোগ করেন, জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠায় এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জুলাইয়ের চেতনাকে ভুলিয়ে দেয়া বা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইএ