বিএনপি জনগণের সরকার, জনগণের পাশে থাকাই অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
0

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং জনগণের পাশে থাকাই তাদের অঙ্গীকার। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।’

আজ (শুক্রবার, ১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘রাষ্ট্রের কাজে দেশের বাইরে থাকায় দুর্গত মানুষের কাছে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে।’ এর জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘এখন সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং তাদের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

ত্রাণসামগ্রী বিতরণকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসএইচ