বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে এআরবির নবনির্বাচিত নির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে এআরবির নবনির্বাচিত নির্বাহী কমিটি
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে এআরবির নবনির্বাচিত নির্বাহী কমিটি | ছবি: সংগৃহীত
0

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা। আজ (বুধবার, ৮ জুলাই) রাজধানীর আইসিটি ভবনে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এআরবির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পেশাগত উন্নয়ন কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিসরে এআরবির কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন এআরবির প্রেসিডেন্ট শামীমা সুলতানা ও নির্বাহী সদস্য আরিফুল সাজ্জাত। সংগঠনটিকে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করা হয়।

বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু শক্তি খাতে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে এআরবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞানচর্চা ও উদ্ভাবনের বিকাশ অপরিহার্য। এ ক্ষেত্রে গণমাধ্যম ও বিশেষায়িত সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জনসচেতনতা বৃদ্ধি, তথ্যের সঠিক উপস্থাপন এবং গবেষণাভিত্তিক প্রতিবেদন তৈরিতে এআরবি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ ভবিষ্যতেও সংগঠনটি দায়িত্বশীলতার সঙ্গে এ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, এআরবির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে এআরবির আরও ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতা গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

এআরবির প্রেসিডেন্ট শামীমা সুলতানা বলেন, ‘সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সমন্বিত উদ্যোগ দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে এবং এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। তিনি বলেন, সাংবাদিকরা বিভিন্ন খাতে সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরে নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যা উন্নয়নকে আরও কার্যকর ও টেকসই করে তোলে।’

এআরবির প্রেসিডেন্ট শামীমা সুলতানার নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের সেক্রেটারি একেএম শরীফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জাহেদ সেলিম, ট্রেজারার মাহমুদুল হাসান, ট্রেনিং, রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি ফারুক ভূঁইয়া রবিন এবং নির্বাহী সদস্য মুজাহেরুল হক রুমেন ও আরিফুল সাজ্জাত উপস্থিত ছিলেন।

ইএ