আজ (রোববার, ৫ জুলাই) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। মতবিনিময় শেষে মন্ত্রী বিবিএসের প্রধান কার্যালয়ে নবস্থাপিত ‘মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাব’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো নির্ভরযোগ্য ডেটা। এই মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাব গবেষক ও নীতিনির্ধারকদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে গভীরতর বিশ্লেষণের সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে গবেষক ও শিক্ষার্থীরা সরকারি ডেটা নতুন নতুন আঙ্গিকে বিশ্লেষণ করার সুযোগ পাবেন।
বিবিএস নিয়মিতভাবে জাতীয় শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডেটা উৎপাদন করে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ ল্যাবের মাধ্যমে সেই ডেটা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব উপায়ে ব্যবহার করা যাবে।’
‘ডেটা থেকে জ্ঞান, জ্ঞান থেকে উন্নয়ন' এ লক্ষ্যকে সামনে রেখে বিবিএস মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাব উপাত্তভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জনসাধারণকে সরকারি ডেটা ব্যবহারের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য বিবিএস'কে ধন্যবাদ জানান তিনি।
এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএস-এর সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। বিবিএস এর কর্মকর্তাদের ক্যারিয়ারের উন্নতি ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে ব্যুরোর সাংগঠনিক কাঠামো এবং নিয়োগবিধি হালনাগাদকরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সেই সঙ্গে পরিসংখ্যান ব্যুরোর গবেষণার সুযোগ বৃদ্ধি এবং সব সরকারি নীতি-নির্ধারণী কাজে সরকারি পরিসংখ্যানের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের আহ্বান জানান। এছাড়া দেশে একটি পরিসংখ্যান একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্যও তিনি পরিসংখ্যান বিভাগকে নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেন, ‘শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য বিবিএসের এ মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাব একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে দেশের গবেষণা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় ডেটার ব্যবহার আরও অনেক বেশি কার্যকর হবে বলে তিনি বিশ্বাস করেন।’
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার তার বক্তব্যে মাইক্রোডেটায় প্রবেশাধিকার এবং উত্তরদাতার গোপনীয়তা, এ দুটি বিষয়কে সমন্বিতভাবে নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, বিবিএস-এর এই ল্যাবটি নিরাপদ ডেটা ব্যবহার, দায়িত্বশীল গবেষণা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে।
মতবিনিময় সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মীর হোসেনসহ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নবউদ্বোধিত এ মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাবটি মূলত বিবিএস-এর একটি নিরাপদ অনসাইট গবেষণা সুবিধা, যার মাধ্যমে অনুমোদিত শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং অন্যান্য ব্যবহারকারী জাতীয় শুমারি ও জরিপসমূহের নাম-পরিচয়বিহীন মাইক্রোডেটা বিশ্লেষণের সুযোগ পাবেন। ল্যাবটি দেশের সামগ্রিক গবেষণা, থিসিস, নীতি বিশ্লেষণ, কর্মসূচি মূল্যায়ন এবং প্রমাণভিত্তিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিবিএস।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



