দেশব্যাপী ৪,৮৮৩ কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে: অধিদপ্তর

মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর
মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর | ছবি: এখন টিভি
0

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পের আওতায় পরিচালিত দেশের ৪ হাজার ৮৮৩টি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যথারীতি চালু থাকবে।

গতকাল (রোববার, ২৮ জুন) মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আরও বলা হয়, প্রকল্পটির প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী মেয়াদ এপ্রিল ২০১৮ থেকে জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল।

তবে প্রকল্পের ১৩তম প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস, অর্থাৎ জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় সংশোধিত ডিপিপির কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এ অবস্থায় দেশের সব জেলার ৪ হাজার ৮৮৩টি কিশোর-কিশোরী ক্লাবে চলমান প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, জীবনদক্ষতা উন্নয়ন এবং অন্যান্য নিয়মিত কার্যক্রম কোনো ধরনের বিরতি ছাড়াই অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সব জেলা উপ-পরিচালক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফিল্ড সুপারভাইজার, জেন্ডার প্রমোটার এবং আবৃত্তি ও সংগীত শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ক্লাবগুলোতে কিশোর-কিশোরীদের জীবনদক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, সাংস্কৃতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সামাজিক মূল্যবোধ গড়ে তোলার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখার এই সিদ্ধান্তে দেশের লাখো কিশোর-কিশোরী নিয়মিতভাবে ক্লাবভিত্তিক সেবা ও প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় থাকতে পারবে।

এএইচ