বিমানের টিকিট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বিমানমন্ত্রী

আফরোজা খানম
আফরোজা খানম | ছবি: সংগৃহীত
0

বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য আদায় বা কোনো ধরনের সিন্ডিকেটে জড়িত থাকলে সংশ্লিষ্ট এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রশ্নোত্তরটি পরে টেবিলে উপস্থাপন করা হয়।

মন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ রুটসহ বিমান টিকিটের মূল্য আন্তর্জাতিকভাবে প্রচলিত রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডাইনামিক প্রাইসিং পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করা হয়। এ ব্যবস্থায় চাহিদা, সময়, মৌসুম, আসন প্রাপ্যতা ও বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে ভাড়া ওঠানামা করে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বিমানসহ অভ্যন্তরীণ এয়ারলাইন্সগুলোর ভাড়া নির্ধারণে জ্বালানি মূল্য, পরিচালন ব্যয়, প্রতিযোগিতা, যাত্রী চাহিদা এবং অগ্রিম বুকিংসহ নানা বিষয় বিবেচনায় নেয়া হয়। ফলে চাহিদা বেশি থাকলে ভাড়া বাড়ে এবং কম থাকলে কমে।’

মন্ত্রী জানান, যাত্রীস্বার্থ রক্ষা এবং টিকিটের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ সংশোধনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি টিকিটের গায়ে মূল্য, এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘কোনো এজেন্সি অস্বাভাবিক মূল্য আদায় বা সিন্ডিকেটে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিয়মিতভাবে ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করছে।’

এসএস