তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও তুরষ্কের দ্বিপক্ষীয় বৈঠক
বাংলাদেশ ও তুরষ্কের দ্বিপক্ষীয় বৈঠক | ছবি: সংগৃহীত
0

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ (শুক্রবার, ৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এসময় শিক্ষা ও স্বাস্থ্যখাতে আঙ্কারার সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবর্তনে মায়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখতে তুরস্কের প্রতি আহ্বান জানান এবং রোহিঙ্গ ক্যাম্পে চিকিৎসা সহায়তার জন্য জানান মন্ত্রী।

এসময় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত চুক্তি সই হয়। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ প্রেস ব্রিফিং শেষে কক্সবাজার রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শনে যাবেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ দুই দেশের কূটনীতিকরা।

উল্লেখ্য, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। ঢাকায় এটি হাকান ফিদানের ফিরতি সফর। কূটনৈ‌তিক সূত্রগুলো জানিয়েছে, সফরকালে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান।

ইএ