আজ (সোমবার, ১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত মাসে এক দফায় জ্বালানি তেলের মূল্য ৮ থেকে ১২ শতাংশ, ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি বৃদ্ধি করার পর আবারও নতুন করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
সরকারের নতুন সিদ্ধান্তে নিন্দা জানিয়ে তিনি বলেছেন, শুধু গত মাসেই জ্বালানির দাম বাড়ানোর ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই কঠিন সময়ে মানুষের আয় বাড়েনি, বরং ক্রমাগত বেকারত্ব ও অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে।
‘দিশাহারা জনগণ যখন দুবেলা দুমুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে’, বিবৃতিতে যোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল।
বাজেট অধিবেশন শুরুর আগে তড়িঘড়ি করে পুনরায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে চরম জনস্বার্থবিরোধী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে দলটি। বিবৃতিতে আরও বলা হয়েছে, সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ এবং সমাজের অস্তিত্বকে আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
বিবৃতিতে গোলাম পরওয়ার আরও বলেছেন, জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো ধরনের জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার।
জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান জামায়াত সেক্রেটারি জেনারেল।





