নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করতে কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাজী নজরুল ইসলামের ছবি ও প্রধানমন্ত্রী
কাজী নজরুল ইসলামের ছবি ও প্রধানমন্ত্রী | ছবি: এখন টিভি
0

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কাল ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির স্মৃতি বিজড়িত নজরুল অ্যাকাডেমি মাঠের নজরুল মঞ্চে তিনদিনের নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন ছাড়াও ত্রিশালের কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ভারতের আসানসোল থেকে ১৯১৪ সালে কবি নজরুলকে ময়মনসিংহের ত্রিশালের কাজিরশিমলা গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন কাজী রফিজ উল্লাহ দারোগা। পড়ালেখার জন্য সপ্তম শ্রেণিতে ভর্তি করে দেন ত্রিশালের দরিরামপুর হাইস্কুলে। যা এখন নজরুল অ্যাকাডেমি।

কবির স্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠের নজরুল মঞ্চে প্রায় দুই দশক পর অনুষ্ঠিত হচ্ছে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার। তার আগমন ঘিরে অনুষ্ঠানস্থল, কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও আশপাশের সড়ক সংস্কার এবং সাজসজ্জার কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বাসিত স্থানীয়রা।

স্থানীয়রা জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসছেন এতে তারা খুশি। ত্রিশালবাসী আনন্দিত। উৎসবমুখর পরিবেশে তারা আয়োজন করছে।

ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠের নজরুল মঞ্চ ও মাঠ পরিদর্শন করে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানালেন পুলিশ সুপার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেন, ‘প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন যেটুকু টেকনিক্যাল কাজ বা স্ট্রাকচার করা, এ পর্যায়েই আছে। বাকি সব আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন একটা সাকসেসফুল অনুষ্ঠান যেন রাষ্ট্র সবাইকে উপহার দিতে পারে।’

আরও পড়ুন:

ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘এখন পর্যন্ত কোনো নিরাপত্তামূলক শঙ্কা নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ সহ এপিবিএন, র‍্যাব এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সেস এখানে ডেপ্লয়েড থাকবে।’

বিএনপি নেতারা বলছেন, নজরুল জন্মজয়ন্তী ও খাল খনন কর্মসূচি ছাড়াও ময়মনসিংহ জেলা উত্তর-দক্ষিণ ও মহানগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমারন সালেহ প্রিন্স বলেন, ‘তারেক রহমানের যে মিশন, যে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবেন, তারই একটা অংশ হিসেবে এ কর্মসূচিতে অংশ নিবেন। সেখানে একটি সমাবেশেও তিনি বক্তব্য রাখবেন। এরপরে তিনি চলে আসবেন আমাদের এ নজরুলের মঞ্চে। সেখানে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন করবেন।’

ত্রিশাল ময়মনসিংহ-৭ সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসেবে দলের ময়মনসিংহের তিনটা ইউনিট— উত্তর, দক্ষিণ এবং মহানগর ইউনিটের সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহ মতবিনিময় করবেন।’

নজরুল জন্মজয়ন্তীর উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীরা।

এফএস