শীর্ষ দশ প্রবাসী আয়ের দেশের তালিকার একটি কাতার। প্রায় সাড়ে চার লাখের মতো বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন সেখানে। অবকাঠামো উন্নয়ন, নির্মাণ, প্রকৌশলসহ বিভিন্ন খাতে কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তারা।
২০২১ থেকে ২০২৫ পর্যন্ত ৫ বছরে দেশটিতে বাংলাদেশ আড়াই লাখের বেশি জনশক্তি রপ্তানি করেছে বাংলাদেশ। চলতি বছরের মে পর্যন্ত ২০ হাজারের বেশি কর্মী গেছেন দেশটিতে। সম্প্রতি কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি ঢাকা সফরে এসে দেশের ৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আরও ৪টি খাতে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘কাতার নতুন করে চারটা খাতে লোক নেয়ার জন্য আগ্রহ পোষণ করেছে। বিশেষ করে ইলেকট্রিক্যাল, এসি টেকনিশিয়ান, প্লাম্বিং, ওয়েল্ডিং এরকম চারটি খাতে। এবং একই সাথে তারা আরেকটি ভালো অফারও আমাদেরকে করেছে। এই যে টেকনিক্যাল খাতে যে লোকগুলো যাবে, তারা ওদের কোনো প্রতিষ্ঠানের সাথে আমাদের এখানকার প্রতিষ্ঠান এফিলিয়েশন থাকবে। ওই প্রতিষ্ঠানগুলো তাদেরকে ট্রেন করে পাঠাবে।’
কাতারের পাশাপাশি সম্প্রতি দুবাই ট্যাক্সিতেো কর্মী নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে ঢাকায় সফরে আসা আমিরাতের একটি প্রতিনিধি দল। মধ্যপ্রাচ্যের এসব দেশ দক্ষ কর্মী নিতেই বেশি আগ্রহী। বিপরীতে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, এখনো দক্ষ পাঠানোর ক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ। কর্মীর দক্ষতা উন্নয়নে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথাও বলছেন তারা।
অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান বলেন, ‘কাতার যে যে কয়েকটা খাতে চার-পাঁচটা খাত সুনির্দিষ্ট এসি, প্লাম্বার, টেকনিশিয়ান এই যে লোকজন চাইছে, আমি মনে করি সরকার যদি আমরা এই খাতে দক্ষ লোক তৈরি করে দিতে পারি, সেটা অবশ্যই ইতিবাচক। কাতার, দুবাই, সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে কিন্তু গত অন্ততপক্ষে ১০-১৫ বছর ধরে আমাদের ট্যাক্সি ড্রাইভার, মানে বাংলাদেশের ড্রাইভাররা যাচ্ছে এবং তারা ভালো করছে। মধ্যপ্রাচ্য, জাপান বা ইউরোপ যেখানে প্রয়োজন, আমার মনে হয় সেই দক্ষ লোক পাঠানোর প্রক্রিয়াটা যদি আমরা শুরু করি এবং এজন্য আমাদের জরুরী হচ্ছে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা।’
অন্যদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, বিদেশ কর্মী পাঠানোর ক্ষেত্রে তাদের দক্ষতা উন্নয়নের জন্য সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ঠেলে সাজানোর পরিকল্পনা করছে সরকার। কাতারগামী কর্মীদের জন্য স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের ৮টি বিভাগীয় শহরে ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্যে কাতারকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।





