সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত; ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ | ছবি: এখন টিভি
0

কার্যক্রম বাতিল হওয়া বহুল আলোচিত সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে এবার ১৫ বিচার বিভাগীয় কর্মকর্তাকে সরিয়ে নিল সরকার। সিনিয়র সচিব সহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে গতকাল (মঙ্গলবার, ১৯ মে) প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তার বদলির আদেশ গত ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হয়েছে বলে গণ্য করা হলো। মাসদার হোসেন মামলায় আপিল বিভাগের দেওয়া রায়ের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগকে সত্যিকারে স্বাধীন করতে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।

সে অনুযায়ী, গত বছরের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এরপর নিয়োগ দেওয়া হয় এসব কর্মকর্তাদের।

কিন্তু নতুন সরকার আসার পর গত ৯ এপ্রিল সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় বিল রোহিত হওয়ার পর থেকে এই সচিবালয়ের আর কোন আইনি বৈধতা ছিল না। প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বদলির আদেশও তার পরদিন ১০ এপ্রিল থেকে কার্যকর দেখানো হয়েছে।

এদিকে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া এক রায়ে সম্প্রতি হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

এএইচ