পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম গতকাল (শনিবার, ৯ মে) রাতে বাসসকে বলেন, রাষ্ট্রপতি দেশের বাইরে যাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এ পদক প্রদানে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘পদক–সংক্রান্ত সরকারি আদেশ এখনো জারি হয়নি।’ আজ (রোববার, ১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ পদক তুলে দেওয়ার কথা ছিল।
পুলিশে সাহসিকতা, কর্মদক্ষতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য স্বীকৃতি হিসেবে সাধারণত ‘পুলিশ পদক’ দেওয়া হয়। এবার পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে চার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এক বিবৃতিতে বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।





