বাঁশিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাঁশিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাঁশিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ছবি: এখন টিভি
4

সিলেটের কান্দিগাঁওয়ে বাঁশিয়া খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২ মে) প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সিলেট সফরে গিয়ে এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে এই বাঁশিয়া খাল পুনঃখনন শুরু করা হয়েছে।

এর আগে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন সরকারপ্রধান।

পরে এক সুধী সভায় তিনি বলেন, ‘আমাদের একটি বড় সমস্যা হলো আমরা মাটির নিচ থেকে অতিরিক্ত পানি তুলছি। কৃষি কাজসহ বিভিন্ন কাজে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে পরিস্থিতি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই পরিস্থিতি মোকাবিলায় এখনই ব্যবস্থা নিতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাল খনন।’

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসেছি তা বাস্তবায়ন হলে অতিবৃষ্টি হলেও জলাবদ্ধতা হবে না।’

বৃষ্টির কারণে বিস্তীর্ণ হাওরাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘নতুন রাস্তা নির্মাণ করলে ফসলের ক্ষতির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনকে বিভিন্ন প্রকল্প নিতে হবে। বুড়িগঙ্গাসহ অন্যান্য নদীর বর্জ্য অপসারণ করতে হবে। একইসঙ্গে মানুষদের সচেতন করতে হবে। প্লাস্টিক, পলিথিনসহ সব আবর্জনা যত্রতত্রভাবে না ফেলতে শিশুদের সচেতন করতে সিটি করপোরেশনগুলোকে উদ্যোগ নিতে হবে।’

এসএস