আট জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্যতা যাচাই চলছে: স্বাস্থ্যমন্ত্রী

সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: এখন টিভি
0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে দেশের ৩৪ জেলায় এখন পর্যন্ত ৩৭টি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ (বুধবার, ২২ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের (কক্সবাজার-৩) টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে উল্লিখিত ৩৪ জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। জেলাগুলো হলো— ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, কুমিল্লা, খুলনা, বগুড়া, ফরিদপুর, দিনাজপুর, পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, হবিগঞ্জ, নেত্রকোণা, নীলফামারী, নওগাঁ, মাগুরা, চাঁদপুর ও সুনামগঞ্জ।’

আরও পড়ুন:

তিনি জানান, এখনও ৩০টি জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হয়নি। এসব জেলা হলো— নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও শেরপুর।

এছাড়া মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর, নরসিংদী, ভোলা, শেরপুর ও লক্ষ্মীপুর এই আট জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য বর্তমানে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সরকার দেশব্যাপী স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং সম্প্রসারণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।’—বাসস

এসএইচ