আজ (রোববার, ১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল সেনাবাহিনীর দরবারে প্রধানমন্ত্রীর প্রথম অংশগ্রহণ।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অতুলনীয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালে দেশ ও জাতিকে সুরক্ষায় বাহিনীর অবদান প্রশংসনীয়।’
অন্তর্বর্তী সরকার পরিচালনার সময়ও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়; এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।’ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এসময় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরক্ষানীতিকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি।





