প্রচুর তেল মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: ইসমাইল জবিউল্লাহ

ফরিদপুরে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
ফরিদপুরে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, জ্বালানি তেলের সমস্যা শুধু বাংলাদেশের জন্য নয়, সারাবিশ্বে এ সমস্যা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। কিন্তু আমাদের সরকার জনবান্ধব সরকার। এখন পর্যন্ত কোনো তেলের দাম বৃদ্ধি করা হয়নি। এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হবে না। প্রচুর পরিমাণ তেল মজুত আছে এবং প্রচুর পরিমান তেল পাইপলাইনে রয়েছে। সুতরাং আমরা মনে করি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ এলাকায় খান খনন কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে প্রতিটি পাম্পে খোঁজ রাখার জন্য। কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করে জনগনের ভোগান্তি যাতে কেউ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। কৃত্রিম সংকট তৈরির কেউ অপচেষ্টা করলে, তা কঠোর হাতে দমন করা হবে। ভর্তুকি দিয়ে আমরা এটা চালিয়ে যাবো, যাতে জনগণের কোনো সমস্যা না হয়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দেশে সবুজ বিল্পব ঘটবে। এই খনন কর্মসূচিতে কেউ অনিয়ম বা দূর্নীতি করলে সে যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে, রশিবপুরা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

এছাড়াও এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসএইচ