‘ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে ১৫ বছরে মেধাবী চিকিৎসদের ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত | ছবি: এখন টিভি
1

শুধু ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে বিগত ১৫ বছরে অসংখ্য মেধাবী চিকিৎসককে পদায়ন ও পদোন্নতি থেকে বঞ্চিত করে ক্যারিয়ার ধ্বংস করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ (সোমবার, ৩০ মার্চ) বিকেলে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫৩ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সেই বাংলাদেশে আর কখনো ফেরত যেতে চাই না, যেখানে রাজনৈতিক ভিন্নমতের কারণে মানুষের পেশাগত দক্ষতাকে অপমান করা হবে। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেখানে আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন রাজনৈতিক পথ থাকবে, কিন্তু কিছু প্রশ্নে আমরা জাতীয়ভাবে এক থাকবো।’

তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে অনেক চিকিৎসক শুধু তার রাজনৈতিক বিশ্বাসের কারণে ১৫ বছরে কোনো জায়গায় পদায়ন পাননি। ১৫ বছরে তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেয়া হয়েছে।’

আরও পড়ুন:

​পেশাগত নৈতিকতা এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ ফিরিয়ে আনার ওপরও গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘নতুন সরকার এমন একটি পরিবেশ তৈরি করবে যেখানে মেধার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে প্রতিটি তরুণ চিকিৎসককে।’

চক্ষু চিকিৎসায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউটের মতো প্রতিষ্ঠানগুলোকে চিকিৎসা ও গবেষণায় বিশ্বমানের করে গড়ে তোলা হবে বলেও জানান ড. এম এ মুহিত।

এসএস