চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৮ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবারও স্থবির হয়ে পড়েছে। সবশেষ পরিস্থিতিতে আজ (বুধবার, ১৮ মার্চ) দিনভর একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার মোট আটটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দু’টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল রয়েছে।

এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আসা দু’টি অ্যারাইভাল এবং শারজাহগামী দু’টি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে সব ফ্লাইট বন্ধ হয়ে যায়নি।

বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে নয়টি অ্যারাইভাল এবং পাঁচটি ডিপার্চার ফ্লাইট সীমিত আকারে চালু রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা বিরাজ করছে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের আটটি ফ্লাইটসহ মোট ১৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সবশেষ তথ্য জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এসএস