Recent event

অমর একুশে বইমেলা আজ শুরু, চলবে ১৫ মার্চ পর্যন্ত

বইমেলা
বইমেলা | ছবি: সংগৃহীত
0

শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা-২০২৬। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেল ২টায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পরপরই সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মুক্ত করা হবে।

এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলার প্রাঙ্গণ। রাত সাড়ে ৮টার পর প্রবেশ বন্ধ থাকবে।

৫৪৯ প্রকাশক, ১,০১৮ ইউনিট

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান থাকবে। মোট ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে ১,০১৮টি।

উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরে থাকছে ৮৭টি লিটল ম্যাগাজিনের স্টল। শিশু চত্বরে অংশ নিচ্ছে ৬৩টি প্রতিষ্ঠান। প্রতিদিন বিকেল ৩টায় মূলমঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’।

এছাড়া শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। পরিবেশবান্ধব ও ‘জিরো ওয়েস্ট’ মেলা আয়োজনের লক্ষ্যে পলিথিনমুক্ত মেলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রমজান মাস বিবেচনায় মুসল্লিদের জন্য তারাবি নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও পড়ুন:

নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

বইমেলাকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, এবার বইমেলা ঘিরে ‘মব’ বা বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই। তবু প্রয়োজনীয় সব প্রস্তুতি রাখা হয়েছে।

মেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্য এলাকায় ভারী যান চলাচল বন্ধ থাকবে। টিএসসি–দোয়েল চত্বর সড়ক প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে এবং তিন নেতার মাজার পর্যন্ত ব্যারিকেড থাকবে। দর্শনার্থীদের গাড়ির জন্য মুহসীন হল মাঠ, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এনএইচ