পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে কোনো উপদেষ্টা থাকবেন না। তবে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন। নতুন সরকারের শপথের আগ পর্যন্ত উপদেষ্টারা সরকারি দায়িত্ব পালন করবেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে শুধু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচিত রাজনৈতিক দলের চাওয়াতেই শপথ অনুষ্ঠান বঙ্গভবনের বদলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে।’
আরও পড়ুন:
নতুন মন্ত্রী যারা আসছেন তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘তারা আমাদের কাছে কোনো সহযোগিতা চাইলে সেটা করতে প্রস্তুত আছি। দুর্যোগময় মুহূর্তে আমাদেরকে দেশের হাল ধরতে বলা হয়েছিল। আমরা দায়িত্ব নিয়ে যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘মানুষ আমাদের কাজের মূল্যায়ন করবে আশা করি। আজকে কেবিনেট বৈঠকে নির্বাচন নিয়ে বিদেশি বন্ধু, সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে কথা হয়েছে। নির্বাচনের পর এক নারীর ওপর অন্যায় হয়েছে। তার সঙ্গে সরকারের পক্ষ থেকে অনলাইনে সরাসরি কথা হয়েছে। তাকে সর্বোচ্চ ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।’




