Recent event

আমাকে ‘মিসকোট’ করা হয়েছে: ইসি সচিব

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: এখন টিভি
0

সৈয়দপুরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেন আটকের ঘটনায় দেয়া মন্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তার ভাষ্য, ‘কোট করা হয়েছে যে, আমি নাকি বলেছি, পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। আমি এটা বলিনি, আপনাদের কাছে সর্বসম্মুখে বলছি, আমাকে মিসকোট করা হয়েছে।’ আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সঙ্গে মিটিং শেষে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘আমাকে কোট করে ফাইন্যাশিয়াল একটা ইস্যুতে বলা হয়েছে। কোট করা হয়েছে যে, আমি নাকি বলেছি, পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার, অধিকার, ক্ষমতা আমার নেই। আমি এটা বলিনি, আপনাদের কাছে সর্বসম্মুখে বলছি, আমাকে মিসকোট করা হয়েছে। দয়া করে এরকম মিসকোট করবেন না। কারণ একটা ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যদি আমরা অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করি, সেটা অত্যন্ত দুঃখজনক হবে।’

এসময় তিনি বলেন, ‘আমার কাছে কোনো একটা অর্থের ব্যাপারে জিজ্ঞাস করা হয়েছিল। যারা এটা ইন্টারসেপ করেছে, তারা এ ব্যাপারে সোর্স, অ্যামাউন্ট অব পারপাস অব দ্যা ফান্ড এটার ওপর তারা সিদ্ধান্ত নেবেন। দ্যাট ইজ দ্যা অনলি থিং আই হ্যাভ সেইড। এটাকে যদি দুর্ভাগ্যজনকভাবে মিসকোট করা হয়, সেটা আমার জন্য অত্যন্ত অপমানজনক এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমি আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমে জানাচ্ছি। অনুগ্রহ করে এরকম অপতথ্য দেয়া থেকে বিরত থাকবেন।’

আরও পড়ুন:

সৈয়দপুরের ঘটনায় আখতার আহমেদে বলেন, ‘এই টাকা যদি বৈধ হয় এবং এর সোর্স যদি বৈধ হয়, তাহলে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারেন। টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, তবে সেটি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। যদি অর্থটি অবৈধ উপায়ে অর্জিত হয় বা কালো টাকা হয়, তবে সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।’

এর আগে, ৫০ লাখ টাকার বেশি অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। আটকের পর তাকে সেনা হেফাজতে নেয়া হয়েছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএ