Recent event

নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

কথা বলছেন প্রেস সচিব
কথা বলছেন প্রেস সচিব | ছবি: সংগৃহীত
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকের পর উপদেষ্টার বরাত দিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সুষ্ঠু নির্বাচন এখন বড় চ্যালেঞ্জ।’

প্রেস সচিব বলেন, ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ চালু হয়েছে, দায়িত্ব প্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা এ অ্যাপ ব্যবহার করবেন।’ এসময় দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবারের নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। আর মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ ও নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া, হিজড়া ভোটার রয়েছে ১ হাজার ১২০ জন।

আরও পড়ুন:

প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনে সারাদেশে এক লাখ ৮ হাজার ৮৮৫ জন সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, তিন হাজারের বেশি কোস্টগার্ড সদস্য এবং পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য রোববার থেকে কাজ শুরু করবেন।’

১১ ফেব্রুয়ারি সকাল থেকে এক লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য এবং র‍্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য সময় মতো ২৯৯টি আসনে নির্বাচনী দায়িত্ব পালন শুরু করবেন বলেও জানান তিনি।

এছাড়া পোস্টাল ভোটে ৪ লাখ ২২ হাজার ৯৬০ জনের ব্যালট এরইমধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথাও জানান তিনি। দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে যারা ভোট দিয়েছেন তার ৯৪ শতাংশই পুরুষ ভোটার বলেও জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনে প্রায় ৪০০ বিদেশি পর্যবেক্ষক, প্রায় ৫০ হাজারের মতো দেশি পর্যবেক্ষক এবং ১২০ জনের মতো বিদেশি সাংবাদিক দায়িত্ব পালন করবেন।

এএইচ