Recent event

খালেদা জিয়ার মৃত্যু: তিন দিনের শোক ঘোষণা করে প্রজ্ঞাপন

খালেদা জিয়ার মৃত্যতে শোক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো
খালেদা জিয়ার মৃত্যতে শোক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো | ছবি: এখন টিভি
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, তার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

আরও পড়ুন:

এতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে এ তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাতের জন্য আগামী শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এএইচ