Recent event

আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক পর্যায়ে রদবদল শুরু হয়েছে। এর অংশ হিসেবে এবার দেশের আরও ১৪টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। ডিসিদের মধ্যে দুজনের জেলা বদল করা হয়েছে। বাকি ১২ জেলায় এসেছেন নতুন মুখ।

যেসব জেলা নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে সেগুলো হলো- ব্রাক্ষ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর। অন্যদিকে নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং মেহেরপুরের ডিসি মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইলে বদলি করা হয়েছে।

এছাড়া পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহ, খুলনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. ইউসুপ আলীকে জামালপুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহারকে মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপ-সচিব মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জ জেলার ডিসি করা হয়েছে।

একই সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন চুয়াডাঙ্গা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মো. সায়েমুজ্জামান পঞ্চগড়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মো. আল-মামুন মিয়া জয়পুরহাট, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুর রহমান ময়মনসিংহ, খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মো. নাজমুল ইসলাম সরকার চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ১২ জেলায় আগে ডিসির দায়িত্ব চালিয়ে আসা যুগ্ম-সচিব এবং উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পদায়ন করা হয়েছে। এর আগে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নতুন মুখ হিসেবে নয়জনকে নিয়োগ দেওয়া হয়।

এএইচ