Recent event

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি, আহত ২

নিহত তিনজনের ছবি
নিহত তিনজনের ছবি | ছবি: সংগৃহীত
1

মালয়েশিয়ার পূর্ব উপকূল পাহাং রাজ্যের কুয়ানতানের এক্সপ্রেসওয়ের গাম্বাং এলাকার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ানতান থেকে কুয়ালালামপুরগামী একটি মাল্টিপারপাস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুর্ঘটনার শিকার হয়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক মো. সাব্বির হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আব্দুল্লাহর (২৪)। আহত অন্য দুই বাংলাদেশি যাত্রীরা হলেন— মো. হাবিব বিশ্বাস ও মণিরাম চন্দ্র। তাদেরকে কুয়ানতানের তেঙ্কু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

আরও পড়ুন:

কুয়ানতানের ভারপ্রাপ্ত ওসিপিডি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স মে মাসে শেষ হয়ে গেছে। গাড়ির মালিক ও সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জানা যায়, অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং বৈধ কাগজপত্র ছাড়াই যান চলাচলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এছাড়া নিহতদের মরদেহ কুয়ানতান হাসপাতালে ময়নাতদন্তের পর বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

এসএইচ