নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ ২৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত অস্ত্র
গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত অস্ত্র | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার পলাতক আসামি এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সবুজ ওরফে কালাই সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী এজাজুল হককেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) রাতে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে সবুজের দেয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে তার সহযোগী এজাজুল হককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। অপর আসামি এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করে জানান, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুর এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় সবুজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

পুলিশের দাবি, সাজা হওয়ার পরও সবুজ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এসময় তিনি রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অপহরণ করে জিম্মি, মুক্তিপণ আদায়, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ওসি জানান, গত চার মাস ধরে সবুজকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডেমরার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যানুযায়ী, সবুজের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থেকে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলেও জানায় পুলিশ।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সহযোগী এজাজুল হককে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এজাজুলের বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার দু’জনকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ