গ্রেপ্তারের পর আজ (শনিবার, ৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। এ সময় কুমিল্লার ৫ নং আমলি আদালতে বিচারক তৈয়বুর রহমান আসামি হাফিজুর রহমানকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান।
এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। পরে ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেয়া জামিনাদেশ ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন এবং হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে হাফিজুর আত্মসমর্পণ না করায় আজ (শনিবার, ৮ আগস্ট) সকালে তাকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পিবিআই।
গ্রেপ্তারের পর আজ (শনিবার, ৮ আগস্ট) বিকেলে তাকে কুমিল্লার ৫ নং আমলি আদালতে হাজির করা হয়। পরে বিচারক তৈয়বুর রহমান আসামিকে হাফিজুর রহমানকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর ২ আগস্ট জামিন পেয়ে ৪ আগস্ট মুক্তি পাওয়ার পর দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন হাফিজুর রহমান।





