কক্সবাজারে ছুরিকাঘাতে একজনের মৃত্যু

নিহত জাহাঙ্গীর
নিহত জাহাঙ্গীর | ছবি: সংগৃহীত
0

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (বুধবার, ২০ মে) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গুলাবাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মৃত মোহাম্মদ কালুর ছেলে বলে জানা গেছে।

নিহতের স্বজন নজরুল বলেন, ‘সকালে জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীর স্থানীয় একটি দোকান বসানোকে কেন্দ্র করে আরিফের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে আলমগীর বাড়িতে গিয়ে বিষয়টি জানালে জাহাঙ্গীর ঘটনাস্থলে যান। সেখানে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।’

জাহাঙ্গীরের ভাতিজা সাইফুল অভিযোগ করে বলেন, ‘আরিফ, কাজল, নিশাত, ফিরোজসহ ১০ থেকে ১২ জন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হলেও পরে আরিফ হঠাৎ জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঘটনার পর সাইফুল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আরিফের মা রুবিনা ও ফিরোজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাদিম আলী বলেন, ‘কথা কাটাকাটির জেরেই এ ঘটনা ঘটেছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

জেআর