বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তার ৫ দিনের রিমান্ড

শেখ মামুন খালেদ
শেখ মামুন খালেদ | ছবি: সংগৃহীত
4

রাজধানীর মিরপুর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সিদ্দিল আজাদের আদালতে এ রায় দেয়া হয়।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য শেখ মামুন খালেদের নির্দেশে মিরপুর এলাকায় হত্যাকাণ্ড চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘সাবেক ডিজিএফআইয়ের প্রধান এক এগারোর সময় রাজনৈতিক নেতাদের বন্দি করাসহ বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় ব্যবসায়ীদের থেকে। শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য সকল প্রকার অপকর্মের সাথে নিয়োজিত ছিলেন বলেও অভিযোগ আনা হয়।’

আরও পড়ুন:

এসময় শেখ খালেদ মামুনকে নির্দোষ দাবি করে আসামি পক্ষের আইনজীবী শাহিনুর রহমান বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই মামলায় অভিযুক্তকে ফাঁসানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ডিজিএফআইয়ের কোনো দায়িত্বে ছিলেন না। কাজে তার নির্দেশে কোনো হত্যাকাণ্ড ঘটার কোন সুযোগ নেই।’

এর আগে, মামুন খালেদকে গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে আটক করে ডিবি। তাকে আজ বিকেল ৩টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। এসময় ডিবি পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

ইএ