দেয়ালচিত্রে বিশ্বকাপ উন্মাদনা: ফুটবল উন্মাদনায় প্রাণবন্ত নুনেস সড়ক

দেয়ালচিত্রে বিশ্বকাপ উন্মাদনা
দেয়ালচিত্রে বিশ্বকাপ উন্মাদনা | ছবি: সংগৃহীত
0

ফুটবল উন্মাদনার দেশ ব্রাজিল। বিশ্বকাপ এলেই যেন বদলে যায় দেশটির রূপ। আর এই উৎসবের অংশ হয়ে উঠেছে রিও ডি জেনিরোর ভিলা ইসাবেল এলাকার পেরেইরা নুনেস সড়কটি। গত ৪৮ বছর ধরে বিশ্বকাপ উপলক্ষে এই শহরের খোলা আকাশের নিচে দেয়ালচিত্র এঁকে প্রাণবন্ত এ ঐতিহ্য টিকিয়ে রেখেছেন স্থানীয়রা।

প্রতি চার বছর পর পর শুরু হয় ফিফা বিশ্বকাপ। তার সঙ্গে মিল রেখে রাস্তায় আর দেয়ালে রঙের বর্ণিল আয়োজনের মেলা বসে এখানে। ব্রাজিলের প্রতি ভালোবাসা আর ফুটবলের প্রতি একাত্মতা জানাতে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। এই ঐতিহ্য অব্যাহত আছে গেলো ৪৮ বছর ধরে।

তবে এবারের বিশ্বকাপে যোগ হয়েছে নতুন মাত্রা। ব্রাজিলের হলুদ, সবুজ ও নীল জাতীয় রঙের পাশাপাশি শোভা পাচ্ছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পতাকা।

আরও আছে বিশ্বকাপ ট্রফি এবং ব্রাজিলের সাবেক ও বর্তমান তারকা ফুটবলারদের অবয়ব, যেখানে বিশেষ স্থান পেয়েছেন ভিনিসিউস জুনিয়রের মতো প্রতিভাও।

আরও পড়ুন:

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘প্রতি বছরের মতো এবারেও এখানে বড় স্ক্রিনে খেলা দেখানোর পাশাপাশি পার্টিও হবে। সত্যি বলতে কি ব্রাজিল যদি খেলার প্রথম রাউন্ড ভালোয় ভালোয় পেরিয়ে যায়, তাহলে আমি খুশি হবো। কারণ আমি তো ব্রাজিলিয়ান।’

তবে স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন, এই উদ্যোগ শুধু ফুটবল উৎসব নয় বরং এটি ঐক্যের প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্মান্তর—সবাই মিলে এই কাজ করে থাকেন।

একজন ব্রাজিলিয়ান বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এখানে আছি, যখন আমি প্রায় ওর মতোই ছিলাম। বিশ্বকাপের সাজসজ্জা দেখতে আমার ছেলে এখানে এসেছে এবং আরেকটা প্রজন্ম এই আয়োজনে যুক্ত হচ্ছে।’

আরও পড়ুন:

এদিকে রাস্তার এসব ম্যুরাল শুধু স্থানীয়দেরই নয় বরং সেখানে আসা পর্যটকদের কাছেও আকর্ষণীয় দৃশ্য। তবে বলা যায়, আয়োজক দেশের পরিবর্তন, বিশ্বকাপের নানা বদল—কিছুই যেন থামাতে পারেনি এই রাস্তার বাসিন্দাদের ফুটবল-উৎসবের নেশা।

রঙের বন্যায় ভেসে যায় পেরেইরা নুনেস সড়ক আর গোটা বিশ্বকাপের আনন্দ ছড়িয়ে পড়ে রিওর এক খোলা আকাশের নিচে।

এসএস