লটারি জিতে মিললো পিকাসোর ১০ লাখ ইউরো মূল্যের চিত্রকর্ম

পিকাসোর ছবি
পিকাসোর ছবি | ছবি: এখন টিভি
0

বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর চিত্রকর্ম সংগ্রহ করতে ধবকুবেররা যখন কয়েক কোটি ডলার খরচ করতেও প্রস্তুত, তখন স্রেফ লটারিতেই পিকাসোর একটি পেন্টিং জিতে নিলেন এক ফরাসি ব্যক্তি। অলাভজনক ওই লটারিতে ১০ লাখ ইউরো মূল্যের পিকাসোর একটি চিত্রকর্ম জিতেছেন তিনি।

এ এক অভিনব লটারি। যার সবচেয়ে বড় আকর্ষণ পুরস্কারে। নগদ অর্থ নয়, ভিনদেশ ভ্রমণের টিকেট নয়, পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে, ১৯৪১ সালের আঁকা পাবলো পিকাসোর একটি ছবি, যার নাম ‘টেট দে ফেম’ বা নারীর মুখের অবয়ব।

১০০ ইউরোতে ১টি পিকাসো শীর্ষক এ লটারির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। এবারের ড্র দিয়ে মোট তিনটি আসর সম্পন্ন করলেন আয়োজকরা।

১৪ এপ্রিল র‌্যাফেল ড্র’র পরে ১০ লাখ ইউরো মূল্যের পিকাসো ওই চিত্রকর্ম জিতেছেন প্যারিসের বাসিন্দা, ৫৯ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরি হোদারা। ১ লাখ ২০ হাজার টোকেনের ভেতর থেকে লটারির মাধ্যমে তাকে বেছে নেয়া হয়।

আরও পড়ুন:

সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরি হোদারা বলেন, ‘আমি খুব অবাক হয়েছি। আপনি কি লটারি কিনলেই ভাবেন আপনি জিতে যাবেন? এটা কপালের ব্যাপার।’

তবে, এ লটারির অর্থ আলঝেইমার রোগ নিয়ে গবেষণার কাজে খরচ করা হবে। টিকিট বিক্রি থেকে পাওয়া টাকার মধ্যে ১০ লাখ ইউরো ছবির বর্তমান মালিককে দেয়া হবে। বাকি প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো দান করা হবে আলঝেইমার রিসার্চ ফাউন্ডেশনে।

আয়োজকদের মধ্যে একজন বলেন, ‘সময় ১০টার মধ্যেই আমাদের সব টিকেট বিক্রি হয়ে যায়। আমরা ওয়েবসাইট বন্ধ করে দিতে বাধ্য হই।’

এর আগে ২০১৩ সালে প্রথম লটারিতে একজন আমেরিকান এবং ২০২০ সালে দ্বিতীয় লটারিতে একজন ইতালীয় নারী পিকাসোর চিত্রকর্ম জিতেছিলেন। ওই লটারিগুলোর অর্থ লেবাননের একটি শহর রক্ষা এবং আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরির কাজে ব্যবহার করা হয়েছিল।

জেআর