বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব; দেশভেদে উদযাপনে ভিন্নতা

হ্যালোইন উৎসব
হ্যালোইন উৎসব | ছবি: সংগৃহীত
0

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব পালিত হয়। তবে দেশভেদে এই উৎসব উদযাপনের রীতি ও ঐতিহ্যে রয়েছে কিছু ভিন্নতা।

হ্যালোইন মূলত রোমাঞ্চ আর কিছুটা ভুতুড়ে রহস্যের মিশ্রণ। বছরের এই সময়টিতে মানুষ দৈনন্দিন জীবন থেকে একটু দূরে সরে গিয়ে কাল্পনিক চরিত্র, ভৌতিক গল্প এবং মজার উৎসবে মেতে ওঠে। আগামী ৩১ অক্টোবর হ্যালোইন সামনে রেখে তাই বিশ্বের বিভিন্ন দেশে চলছে উৎসব উদযাপনের প্রস্তুতি।

শনিবার হংকংয়ের একটি বিনোদনকেন্দ্রে জড়ো হন হাজার হাজার উৎসবমুখর মানুষ। ভয়ংকর সাজে সজ্জিত বিভিন্ন বেশধারীদের আনাগোনায় আলোকোজ্জ্বল হয়ে ওঠে পুরো শহর।

একইভাবে দক্ষিণ ইংল্যান্ডের টালিস শকটোবার ফেস্টেও রয়েছে ভৌতিক গোলকধাঁধা ও নানা ভীতিকর আয়োজন। রোমাঞ্চপ্রিয়দের জন্য সাজানো এসব আয়োজনে দর্শনার্থীদের চিৎকার আর ভয় পরিণত হয় বিনোদনের উপকরণে।

হ্যালোইন উদযাপন কেন্দ্র করে বিচিত্র ও রঙিন পোশাকে সজ্জিত মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে হংকংয়ের লান কোয়াই ফং এলাকার সড়কগুলো। মাসব্যাপী এই উৎসবের নানা আয়োজনে দর্শনার্থীরা ছবি তোলার জন্য রীতিমতো প্রতিযোগিতায় মেতে ওঠেন। পর্যটন শিল্পের প্রসারে নেয়া হয়েছে এই উদ্যোগ।

আরও পড়ুন:

দর্শনার্থীদের মধ্যে একজন বলেন, ‘এখানে এলে সত্যিই কার্নিভালের আমেজ পাওয়া যায়। কাজের পর সব ক্লান্তি ঝেড়ে ফেলে, মন খুলে আনন্দ করার জন্য এটি দারুণ একটি আয়োজন। আমার মনে হয়, এখানে আসার মূল উদ্দেশ্যই নিজেদের মুক্ত করে দেয়া, প্রাণ খুলে আনন্দ করা।’

হ্যালোইন উদযাপন সামনে রেখে ডেনমার্কের কোপেনহেগেনের টিভোলি বিনোদন পার্কের বিশেষ সাজসজ্জা উপভোগ করছেন দর্শনার্থীরা। পার্কের প্রবেশপথের ওপর ঝুলছে খোদাই করা মুখাবয়বসহ হ্যালোইনের ঐতিহ্যবাহী কুমড়োর লণ্ঠন, আর পুরো চত্বরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিশালাকৃতির খোদাই করা এসব কুমড়া। হ্যালোইন উপলক্ষে সাজানো বর্ণিল এসব উপকরণের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় দর্শনার্থীদের।

এদিকে হ্যালোইল মৌসুম শেষ হলে বিশাল কুমড়াগুলো পাঠানো হবে কোপেনহেগেন চিড়িয়াখানায়। সেখানে হাতিদের খাবার হিসেবে দেওয়া হবে এসব কুমড়া। ভ্রমণপিপাসু ও হররপ্রেমীদের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় এবং ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা। হ্যালোইনের বিশেষ এই আয়োজন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

এসএস