ফুকেটে ভিড়লো মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ

ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ
ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ | ছবি: সংগৃহীত
0

দীর্ঘ ৬ মাস সমুদ্রে থাকার পর থাইল্যান্ডের ফুকেট বন্দরে ভিড়লো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ। ইরানের বিরদ্ধে চলমান যুদ্ধে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল রণতরীটি। বিশ্রাম ও বিনোদনের জন্য প্রায় ৫ হাজার সেনা জনপ্রিয় এ পর্যটন দ্বীপটিতে সময় কাটাবেন আগামী ৯ অক্টোবর পর্যন্ত। এর আগে ২৮৬ দিন সমুদ্রে থাকার পর পূর্ব থাইল্যান্ডে নোঙর করেছিল মার্কিন রণতরী আব্রাহাম লিংকন।

৮ মাসেও যুদ্ধ অবসানে কোনো সমাধানে আসতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। একদিকে কূটনৈতিক উদ্যোগের কথা বললেও, মধ্যপ্রাচ্যের জলসীমায় একের পর এক রণতরী মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন। গেল সপ্তাহে তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। যেটিতে প্রায় ৭ হাজার মার্কিন সেনা রয়েছে। নভেম্বরের শেষ নাগাদ ইরানের কাছাকাছি তিনটি বিমানবাহী রণতরী ও দুটি উভচর অবতরণকারী দলে মোতায়েন থাকছে হাজার হাজার সেনা।

গেল মার্চে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মধ্যপ্রাচ্যে যায় মার্কিন বিমানবাহী স্ট্রাইক গ্রুপ রণতরী জর্জ এইচ.ডব্লিউ. বুশ। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, পারমাণবিক শক্তিচালিত সুপার বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা, মার্কিন নৌ অবরোধ ও যুদ্ধে সহায়তার জন্য মোতায়েম করা হয়। যা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের নিয়ন্ত্রণাধীন এলাকার দায়িত্বে ছিলো।

আরও পড়ুন

দীর্ঘ ৬ মাস সমুদ্রে থাকার পর রোববার থাইল্যান্ডের ফুকেট বন্দরে ভিড়েছে ইউএসএস জর্জ ডব্লিউ. বুশ রণতরীটি। আগামী ৯ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৮০০ মার্কিন সেনা ও ক্রু সদস্যরা জনপ্রিয় এই পর্যটন স্পটে বিনোদন ও বিশ্রামের জন্য সময় কাটাবেন। এ সময় তারা ফুকেটে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে অংশ নেয়ার পাশাপাশি ভ্রমণ করবেন দর্শনীয় স্থান। এছাড়া, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের মধ্যে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়ার কথা রয়েছে তাদের।

যুদ্ধের কারণে দীর্ঘ সময় সামরিক অভিযানে থাকা মার্কিন সেনাদের জীবনযাপন নিয়ে তাদের পরিবারের পক্ষ থেকে উঠেছে নানা অভিযোগ। রণতরীগুলোতে নিম্নমানের খাবার, নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতিসহ আত্মহত্যার চেষ্টার ঘটনাও সামনে এসেছে।

এর আগে গেল সেপ্টেম্বরে ৫ হাজার সেনা ও ক্রু নিয়ে পূর্ব থাইল্যান্ডের লেম চাবাং বন্দরে নোঙর করেছিল মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। নানা বিধিনিষেধের মধ্য দিয়ে সেখানে পাঁচ দিন অবসর সময় কাটান তারা।

জেআর