সৌরজগতের বাইরে প্রথমবার মিললো বেতার সংকেত; নেপথ্যে কী

একটি শিল্পীর কল্পনায় নিজ নক্ষত্রকে প্রদক্ষিণরত বেটা পিক্টোরিস বি
একটি শিল্পীর কল্পনায় নিজ নক্ষত্রকে প্রদক্ষিণরত বেটা পিক্টোরিস বি | ছবি: সংগৃহীত
0

সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে প্রথমবারের মতো সরাসরি বেতার সংকেত (রেডিও সিগন্যাল) শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে এই সংকেত কোনো ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ নয়, বরং গ্রহটিতে থাকা এক বিশাল ও শক্তিশালী চৌম্বকক্ষেত্রের উপস্থিতি নির্দেশ করছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত বেটা পিক্টোরিস বি নামের একটি বিশালাকার গ্যাসীয় গ্রহ থেকে এই সংকেত পাওয়া গেছে। গ্রহটি আয়তনে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়ে প্রায় ১২ গুণ ভারী। এটি সূর্যের চেয়ে পৌনে দুই গুণ বড় একটি তরুণ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এবং এ সংক্রান্ত গবেষণা প্রবন্ধের সহলেখক ইদো বার্জার বলেন, ‘বেতার সংকেত শুনলেই অনেকে হয়তো ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর সন্ধান বলে ভাবেন। কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ আলাদা।’

বিজ্ঞানীদের মতে, পৃথিবীর মেরু অঞ্চলে যেমন সৌরঝড়ের কারণে উজ্জ্বল মেরুজ্যোতি বা অরোরার সৃষ্টি হয়, তেমনি বেটা পিক্টোরিস বি গ্রহের শক্তিশালী চৌম্বকক্ষেত্রের প্রভাবে তৈরি হওয়া তীব্র অরোরা থেকেই এই বেতার তরঙ্গের উৎপত্তি হয়েছে। ইদো বার্জার জানান, যে মাত্রার তরঙ্গের সংকেত পাওয়া গেছে, তার জন্য একটি অবিশ্বাস্য মাত্রার চৌম্বকক্ষেত্র প্রয়োজন। গ্রহটির চৌম্বকক্ষেত্র বৃহস্পতির তুলনায় অন্তত ২০০ গুণ বেশি শক্তিশালী।

দক্ষিণ আফ্রিকার মিরক্যাট রেডিও টেলিস্কোপ ব্যবহার করে হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের গবেষকেরা এই সংকেত শনাক্ত করেন। গবেষক দলের প্রধান কেভিন অর্টিজ সেবালোস উপাত্ত বিশ্লেষণের সময় প্রথম এই তরঙ্গের উপস্থিতি দেখতে পান।

সৌরজগতের বাইরের কোনো গ্রহের চৌম্বকক্ষেত্র যে এতটা শক্তিশালী হতে পারে, তা বিজ্ঞানীদের আগের ধারণাকে অনেকটাই বদলে দিয়েছে। গবেষণা প্রতিবেদনটি বর্তমানে বিজ্ঞানীদের স্বাধীন পর্যালোচনার (পিয়ার রিভিউ) পর্যায়ে রয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, চূড়ান্ত অনুমোদন পেলে এই পর্যবেক্ষণ দূরবর্তী গ্রহগুলোর বায়ুমণ্ডল ও মহাজাগতিক পরিবেশ বোঝার ক্ষেত্রে নতুন দ্বার খুলে দেবে।

এএম