পেটেন্ট লঙ্ঘনের মামলায় বড় জরিমানা; অ্যাপলকে ৫৭০ কোটি ডলার দেয়ার নির্দেশ

শুল্কযুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপল
শুল্কযুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপল |
0

আইফোনের ভাইব্রেশন বা হ্যাপটিক ফিডব্যাক প্রযুক্তিতে পেটেন্ট লঙ্ঘনের দায়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ৫৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট আদালতের এক জুরি বোর্ড শুক্রবার এই রায় দেন।

সান ডিয়েগোভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টেকশন টেকনোলজির দুটি পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলকে এই জরিমানা করা হয়। বার্তা বা নোটিফিকেশন এলে এবং বোতামে চাপ দিলে আইফোনে যে কম্পন অনুভূত হয়, তাতে টেকশনের প্রযুক্তি অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ প্রমাণিত হয়েছে।

আদালতের রায়ের পর টেকশনের আইনজীবী ল্যান্স ইয়াং বলেন, ‘জুরি বোর্ড টেকশনের পক্ষে রায় দিয়েছেন এবং কোম্পানির পেটেন্ট অধিকার পুনর্বহাল করেছেন, এতে আমরা আনন্দিত।’

২০২১ সালে অ্যাপলের বিরুদ্ধে প্রথম এই মামলা করে টেকশন টেকনোলজি। ২০২৩ সালে এক মার্কিন বিচারক অ্যাপল পেটেন্ট লঙ্ঘন করেনি বলে রায় দিলেও গত বছর আপিল আদালত মামলাটি পুনরায় চালু করেন।

তবে জুরি বোর্ড রায়ে উল্লেখ করেছে, অ্যাপল ইচ্ছাকৃতভাবে বা জেনেশুনে এই পেটেন্ট লঙ্ঘন করেনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে অ্যাপল। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে, আইফোনে ব্যবহৃত তাদের ‘ট্যাপটিক ইঞ্জিন’ প্রযুক্তি টেকশনের উদ্ভাবন থেকে সম্পূর্ণ আলাদা।

বড় ধরনের নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া অ্যাপলের জন্য এই সিদ্ধান্ত একটি নতুন ধাক্কা হিসেবে এসেছে। গত সেপ্টেম্বরে ১৫ বছর দায়িত্ব পালন শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক সরে দাঁড়ালে সেই পদে আসেন জন টার্নাস। অন্যান্য প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীর চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে পিছিয়ে পড়ার আলোচনার মধ্যেই এই রায়ের খবর এলো। রায়ের প্রভাবে সোমবার লেনদেনের শুরুতে অ্যাপলের শেয়ারের দর প্রায় দুই শতাংশ কমেছে।

এএম