ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তুর্কি ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা, নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের একটি ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর (ট্রেজারি ডিপার্টমেন্ট)। তেহরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার অংশ হিসেবে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মার্কিন অর্থ দপ্তরের অভিযোগ, গোল্ডেন গ্লোবাল ব্যাংক ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর-কুদস ফোর্সের কোটি কোটি ডলারের লেনদেনে সহায়তা করেছে। একই সঙ্গে তহবিল আন্তর্জাতিক পর্যায়ে স্থানান্তরে ইরান সরকারকে ব্যাংকিং সুবিধা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, স্বর্ণ ও নগদ অর্থ ব্যবহার করে চীন থেকে তুরস্কে তেলের রাজস্ব পাঠাতে ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থার সহায়তার লক্ষ্যেই ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় গোল্ডেন গ্লোবাল ব্যাংক জানিয়েছে, তারা স্থানীয় ও আন্তর্জাতিক সব ধরনের ব্যাংকিং বিধিমালা মেনেই কার্যক্রম পরিচালনা করেছে। মার্কিন দাবির সপক্ষে কোনো প্রমাণ নেই উল্লেখ করে তারা আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে ব্যাংকটি জানায়, ‘এই অভিযোগ ও সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সম্ভাব্য সব আইনি পদক্ষেপ নেব।’

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট নিয়ে আমরা যে কতটা কঠোর, তা আর্থিক প্রতিষ্ঠানগুলো কঠিনভাবেই বুঝতে পারছে।’ নিষেধাজ্ঞার ফলে মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে ব্যাংকটির লেনদেনের পথ বন্ধ হয়ে গেল। তবে সংশ্লিষ্ট তালিকায় থাকা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের গ্রাহক নয় বলে দাবি করেছে ব্যাংকটি।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক জানান, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে পুরো তুরস্কের বিরুদ্ধে রায় হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। এক্সে তিনি লিখেছেন, ‘তুরস্কের আর্থিক ব্যবস্থা নিয়ে কোনো সংশয় নেই, শুধু একটি প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে।’

এএম