ব্রিটিশ ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ায় হামলা চালাচ্ছে এমন খবর প্রকাশের পর চরমে পৌঁছেছে মস্কো-লন্ডনের উত্তেজনা। এর জেরে যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে রাশিয়া। এটিকে ইউক্রেন নীতি পুনর্বিবেচনায় লন্ডনকে চাপ দেয়ার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
যদিও ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এটি রাশিয়ার নিজস্ব বিষয় এবং ইউক্রেনের পক্ষে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। এরমধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে কিয়েভ পৌঁছেছেন অ্যান্ডি বার্নাম। ইউক্রেনের সমর্থনে যুক্তরাজ্য-ফ্রান্স যৌথ উদ্যোগে গঠিত জোটের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। অংশ নেবেন ইউক্রেনীয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও।
এদিকে, দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার পর কিয়েভে বৈঠক করেছেন নর্ডিক ও বাল্টিক দেশের নেতারা। সেখানে তারা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং ভবিষ্যৎ সহায়তা নিয়ে আলোচনা করেন। এসময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও লাটভিয়ার প্রধানমন্ত্রী রাশিয়ার সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করেন।
আরও পড়ুন:
লাটভিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রিস কুলবার্গস বলেন, ‘আমরা জানি এ শীতকালটা অবকাঠামোর জন্য কতটা কঠিন হতে পারে। রাশিয়ার কোনো নীতিবোধ নেই। পুতিনের কোনো নীতিবোধ নেই। তিনি বিদ্যুৎ, পানি এবং তাপ সরবরাহের ওপর আক্রমণ করবেন। লাটভিয়া থেকে আপনাদের তাপ ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর জন্য আমরা ইউরোপীয় কমিশন থেকে যৌথ তহবিল পেয়েছি।’
ফিনল্যান্ড প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বলটা এখন ইউক্রেনের কোর্টে নেই। এটা পুরোপুরি রাশিয়ার কোর্টেই রয়েছে। ইউক্রেনীয়রা আলোচনায় বাস্তবসম্মত সমাধান খুঁজছে, কিন্তু রুশরাই কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না।’
অন্যদিকে বাল্টিক সাগরের নিচের পরিত্যক্ত প্রকল্প নর্ড স্ট্রিম ২ পাইপলাইন বিস্ফোরণে ইউক্রেনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেন, জার্মানি ও অন্যান্য অংশীদাররা ভালো করেই জানে, এ অপারেশনে ইউক্রেন অংশ নেয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘বাল্টিক সাগরের নিচের নর্ড স্ট্রিম ২ পাইপলাইন উড়িয়ে দেয়ার অভিযানে ইউক্রেন কখনো আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি। গ্যাস পাইপলাইনটির রহস্যজনক বিস্ফোরণ নিয়ে বর্তমানে তদন্ত চলছে।’
এছাড়া দেশে অস্থিতিশীলতার শংঙ্কা থেকে যুদ্ধকালীন নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, যুদ্ধকালীন সময়ে নির্বাচন হলে তা দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এর মধ্যে রাশিয়া-ইউক্রেন দফায় দফায় পাল্টাপাল্টি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে হতাহতের ঘটনা ছাড়াও দুই দেশের বিভিন্ন বেসামরিক-সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।




