ইসরাইলি সেনাবাহিনীর রেডিওর একটি পডকাস্ট সাক্ষাৎকারে গতকাল (বুধবার, ১৯ আগস্ট) নেতানিয়াহু বলেন, ‘আমরা তুরস্কের সামরিক শক্তিকে দক্ষিণাঞ্চলের দিকে বিস্তৃত হতে দেব না, কারণ এটি আমাদের জন্য হুমকি।’
নেতানিয়াহু জানান, তুর্কি সীমান্তের কাছে আলেপ্পোর অদূরে অবস্থিত ‘আবু আল-দুহুর বিমানঘাঁটি’তে তুরস্কের সামরিক উপস্থিতির বিরোধিতায় তেল আবিব প্রথমে একটি ‘সাধারণ বার্তা’ পাঠিয়েছিল। তিনি বলেন, ‘তারা সম্ভবত তা শোনেনি, তাই আমরা বিষয়টি তাদের আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি।’
এর আগে মঙ্গলবার নেতানিয়াহুর কার্যালয় সরাসরি হামলার দায় স্বীকার না করলেও জানায়, তুর্কি বাহিনী সম্প্রতি ওই বিমানঘাঁটি পরিদর্শন করেছিল। সেখানে আঙ্কারার উপস্থিতিজনিত কোনো ‘হুমকি’ ইসরাইল সহ্য করবে না বলেও তখন সতর্ক করা হয়েছিল।
এদিকে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়াবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম ব্যারাক এ হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।





