দুবাই থেকে ডাবলিনে ক্রাইম বস কিনাহান; কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ডে ফেরত

ড্যানিয়েল কিনাহান
ড্যানিয়েল কিনাহান | ছবি: বিবিসি
0

আয়ারল্যান্ডের অপরাধ জগতের শীর্ষ ডন হিসেবে পরিচিত ড্যানিয়েল কিনাহানকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ (রোববার, ৯ আগস্ট) দুবাই থেকে তাকে বহনকারী আয়ারল্যান্ড সরকারের একটি বিশেষ বিমান ডাবলিনের উদ্দেশে রওনা হয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৪৯ বছর বয়সী কিনাহানকে গত এপ্রিলে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছিল। অপরাধী সংগঠন পরিচালনার অভিযোগে তাকে আয়ারল্যান্ডের প্রজাতন্ত্রে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলো। ডাবলিনে পৌঁছানোর পরপরই তাকে অভিযুক্ত করা হবে এবং সশস্ত্র পুলিশের পাহারায় তিন বিচারকের সমন্বয়ে গঠিত বিশেষ ফৌজদারি আদালতে হাজির করা হবে।

তাকে হস্তান্তরের এই ঘটনাকে কেন্দ্র করে আয়ারল্যান্ডে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। উচ্চ-ঝুঁকিপূর্ণ এই বন্দীকে আনা-নেয়ার জন্য আইরিশ কারা কর্তৃপক্ষ একটি বিশেষ বুলেটপ্রুফ ও বোমা নিরোধক ভ্যান কিনেছে। তাকে কাউন্টি লায়সের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত পোর্টলাউইস কারাগারে রাখা হতে পারে।

আইরিশ কর্তৃপক্ষের দাবি, কিনাহান একটি আন্তর্জাতিক অপরাধী চক্রের প্রধান। তার নেতৃত্বাধীন ‘কিনাহান কার্টেল’ বিশ্বজুড়ে টন টন মাদক ও আগ্নেয়াস্ত্র পাচারের জন্য দায়ী। এছাড়া গ্যাংস্টারদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে অন্তত ১৮টি হত্যাকাণ্ডের সঙ্গে এই গোষ্ঠীর যোগসূত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও কিনাহান কার্টেলকে বিশ্বের অন্যতম বিপজ্জনক অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করে ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

আইরিশ বিচারমন্ত্রী জিম ও’কালাগান এই সফল হস্তান্তরকে দুই দেশের বিচারিক সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তবে কিনাহানের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেলের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড নেই এবং এসব অভিযোগ ভিত্তিহীন।

এএম