সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিনদের সতর্ক থাকতে হবে এবং ফ্লাইট বাতিল, বিভিন্ন সময় আকাশপথ বন্ধ ও ভ্রমণ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’ মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত নাগরিকদের এই অঞ্চলে ভ্রমণের সিদ্ধান্তটি ‘গুরুত্বসহকারে পুনর্বিবেচনা’ করার পরামর্শও দেয়া হয়েছে।
দূতাবাস আরও সতর্ক করে বলেছে, ‘বিদেশে মার্কিন স্বার্থে ইরান বা ইরানপন্থি গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে।’ বার্তায় মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে ‘অস্থিতিশীল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে জর্ডানে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে ভ্রমণ এড়িয়ে চলতে এবং জর্ডানের কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কবার্তা এল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, চলতি সপ্তাহান্তেই ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন।
শনিবার সকালেও কুয়েত জানিয়েছে, তারা একটি সরকারি স্থাপনা ও বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন প্রতিহত করেছে। এ ছাড়া হরমুজ প্রণালির কাছে ওমান উপকূলে একটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।





