জাপানে ভূমিকম্প; শপিং মলে আটকা বহু মানুষ

ড্রোনচিত্রে ক্ষতিগ্রস্ত এইয়ন মল
ড্রোনচিত্রে ক্ষতিগ্রস্ত এইয়ন মল | ছবি: দ্য গার্ডিয়ান
0

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর একটি শপিং মলের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। এদের মধ্যে ‘উল্লেখযোগ্যসংখ্যক’ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সম্প্রচারমাধ্যম টিবিএস। এছাড়া কুমামোতো জেলার একটি কাগজ কারখানার চিমনি ধসে পড়ায় কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে টিভি আসাহি জানিয়েছে, ওই শপিং মলে ‘বেশ কয়েকজনের’ মৃত্যু হয়েছে। ফুজি টিভিও হতাহতের খবর দিয়েছে। জরুরি সেবা বিভাগ এর আগে জানিয়েছিল, শপিং মলের একটি তলা ধসে পড়ে সেখানে ‘বহু মানুষ’ আটকা পড়েছেন।

শপিং মলে ২০-৩০ জন নিখোঁজ

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্প-পরবর্তী এক বিস্ফোরণে দক্ষিণ কুমামোতোর সবচেয়ে বড় শপিং মলটি বিধ্বস্ত হয়। এতে ওই মলের ২০ থেকে ৩০ জন কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এর আগে অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছিল, মলের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন।

প্রায় ২০০ দোকান রয়েছে—এমন এই মলের এক পাশ পুরোপুরি ধসে পড়ে ইস্পাতের কাঠামো উন্মুক্ত হয়ে যায়। বিশাল পার্কিং লট জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে এমনটাই দেখা গেছে। এরই মধ্যে উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছেন। কয়েকটি অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি মলটির বাইরে অবস্থান করছে।

মলটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এইওনের এক মুখপাত্র জানান, প্রথম দফা ভূমিকম্পের পরপরই ক্রেতা ও কর্মচারীদের সরিয়ে নেয়া হয়েছিল। তবে পরবর্তী বিস্ফোরণের সঠিক কারণ এখনো স্পষ্ট নয়।

কাগজ কারখানার চিমনি ধসে নিখোঁজ কয়েকজন

কুমামোতো জেলার ইয়াতসুশিরো সিটিতে অবস্থিত নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের কারখানায় একটি চিমনি ধসে পড়ে ‘বেশ কয়েকজন’ শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে এনএইচকে। ইয়াতসুশিরো পুলিশ স্টেশনের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও দমকল বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ভূমিকম্পের মাত্রা সংশোধিত

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ বলে জানালেও পরে সংশোধন করে জানায়, এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের (জেএমএ) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) দেশটির কুমামোতো জেলায় এই ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। জাপানের কম্পন পরিমাপক শিন্দো স্কেলে এটি সর্বোচ্চ ৭ মাত্রায় রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের পরপরই এক মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে কুমামোতোতে পরপর দুটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। প্রথমটির মাত্রা ছিল ৬ দশমিক ৫ এবং এর দুই দিন পর ৭ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই দুই ভূমিকম্পে ২৭৩ জন প্রাণ হারান এবং ২ হাজার ৮০০ জনের বেশি আহত হন।

এএম