দিন কিংবা রাত টানা দুই দিন ধরে অবিরাম বৃষ্টি অব্যাহত রয়েছে ভারতের পূর্বের রাজ্য ওড়িশায়। আবহাওয়া দপ্তর বলছে, গেল একদিনে প্রদেশটির ৪টি স্থানে অতি ভারী বৃষ্টিপাত ও অন্তত ৫৪টি স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টিপাত চলতে থাকায় ওড়িশার ২৭টি জেলায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা। শুধু ওড়িশা নয়, ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ছত্তিশড়, মধ্য মহারাষ্ট্র, গুজরাট ও কর্ণাটকের উপকূলীয় কিছু অঞ্চলেও।
তবে বৃষ্টি ও বন্যা থেকে এখনই স্বস্তি মিলছে না ভারতবাসীর। দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাস, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু- কাশ্মীরসহ মধ্য ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে।
এদিকে, আসামে রোববারের তুলনায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতটি হলেও বাড়ছে প্রাণহানি। এছাড়াও, বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ লাখেরও বেশি মানুষ। এখন পর্যন্ত রাজ্য সরকারের খোলা শেল্টার ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছেন ৩৭ হাজারেরও বেশি মানুষ।





