কোলাং পাহাড়ে গোপন পারমাণবিক স্থাপনার অস্তিত্ব অস্বীকার ইরানের

স্যাটেলাইট চিত্রে ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন টানেলের একটি প্রবেশপথ
স্যাটেলাইট চিত্রে ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন টানেলের একটি প্রবেশপথ | ছবি: রয়টার্স
0

ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত কোলাং পাহাড়ে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা জবাবে আজ (বুধবার, ২২ জুলাই) তেহরান আবারও দাবি করেছে, ওই পাহাড়ে কোনো গোপন পারমাণবিক স্থাপনা নেই। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, ‘যেখানে কোনো পারমাণবিক তৎপরতাই চলছে না, সেই কোলাং কুহকে ঘিরে ওয়াশিংটনের একগুঁয়ে মনোযোগ আগ্রাসন, ধ্বংসযজ্ঞ ও অন্তর্ঘাত চালানোর একটি বানোয়াট অজুহাত ছাড়া আর কিছুই নয়।’ তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানের পারমাণবিক তৎপরতা সম্পূর্ণভাবে’ জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার কাছে ঘোষণা করা হয়েছে।

এর একদিন আগে মঙ্গলবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র এই স্থাপনায় হামলা চালাবে। ইংরেজিতে এটি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত। ট্রাম্প বলেন, ‘আমরা খুব শিগগিরই ওই এলাকায় খুব জোরালো হামলা চালাব।’ সাধারণত তিনি কোনো লক্ষ্যবস্তুর কথা আগে থেকে জানান না উল্লেখ করে ট্রাম্প যোগ করেন, ‘তবে এতে তাদের কিছুই করার নেই।’ তবে এখন পর্যন্ত হুমকি অনুযায়ী কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র।

২০২৫ সালে ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসসহ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইরান কোলাং পাহাড়ের ভেতরে একটি গোপন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার নির্মাণকাজে গতি এনেছে। তবে তখনো তেহরান এই দাবি অস্বীকার করেছিল।

কোলাং পাহাড় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছে অবস্থিত। ২০২৫ সালের জুনে সংক্ষিপ্ত এক যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র নাতাঞ্জ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছিল।

এএম