কঙ্গোতে ইবোলা মোকাবিলায় তহবিল সংকট; বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) পরে থাকা এক স্বাস্থ্যকর্মী
ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) পরে থাকা এক স্বাস্থ্যকর্মী | ছবি: রয়টার্স
0

ডেনোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় প্রয়োজনীয় তহবিলের অর্ধেকেরও কম পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ মঙ্গলবার সংস্থাটির একজন কর্মকর্তা এই তথ্য জানিয়ে দাতা দেশগুলোকে এই সংকটে কঙ্গোকে একা ফেলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলা মোকাবিলায় ১১ কোটি ৫০ লাখ ডলারের আবেদন করেছিল। কিন্তু এখন পর্যন্ত সেই আবেদনের মাত্র ৪০ শতাংশ সংস্থান হয়েছে। ‘বুন্দিবুগিও’ প্রজাতির এই ইবোলা ভাইরাসের এখন পর্যন্ত কোনো প্রমাণিত চিকিৎসা বা টিকা নেই। সরকারি তথ্য অনুযায়ী, কঙ্গোতে এই ভাইরাসে এখন পর্যন্ত ১ হাজার ৯২৬ জন আক্রান্ত হয়েছেন এবং ৭০২ জনের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচও-এর হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের প্রধান চিকউয়ে ইহেকওয়েজু জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘এই প্রাদুর্ভাব মোকাবিলায় আমাদের সামনে যে বিশাল চ্যালেঞ্জ রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পদের প্রয়োজন। কঙ্গোকে এই ভার একা বহন করতে দেয়া উচিত নয়।’ তিনি কঙ্গোর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশ সফর শেষে এই মন্তব্য করেন।

ইহেকওয়েজু আরও জানান, পরিস্থিতি বর্তমানে একটি সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি সপ্তাহে নতুন দুটি প্রদেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় রোগীদের শনাক্ত ও বিচ্ছিন্ন করার প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন। দাতা দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘এটি ম্যারাথনের মতো। ক্লান্ত হয়ে পড়লেও হাল ছাড়া যাবে না।’

সংস্থাটি আবারও আশঙ্কা প্রকাশ করেছে যে, কঙ্গোতে ইবোলা আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অন্তত দ্বিগুণ বা চার গুণ বেশি হতে পারে।

এএম