দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেদনটিতে দেখা গেছে জুন মাসের শেষ নাগাদ মিমকয়েনের প্রতি তিনজন ক্রেতার মধ্যে দুজনই ক্ষতির মুখে পড়েছেন। এমন ক্রিপ্টো ওয়ালেটের সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ৯০৫টি। গত শুক্রবার টোকেন লেনদেন হয়েছে ১ দশমিক ৭৬ ডলারে, যা ২০২৫ সালের জানুয়ারিতে চালুর পর ৭৫ দশমিক ৩৫ ডলারের সর্বকালের সর্বোচ্চ দর থেকে ৯৭ শতাংশ কম।
এই লোকসান সত্ত্বেও মিমকয়েন থেকে ট্রাম্প নিজে আয় করেছেন প্রায় ৬৩ কোটি ৬০ লাখ ডলার। তার বার্ষিক আর্থিক প্রকাশনায় এ তথ্য উঠে এসেছে। ২০২৫ সালে সব ব্যবসা মিলিয়ে তিনি প্রায় ২২০ কোটি ডলারের বেশি আয় করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের একজন ক্রিপ্টো ব্যবসায়ী নিকোলাস পিন্টো, যিনি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। পিন্টো জানান, তিনি এই মিমকয়েনে প্রায় ৫ লাখ ডলার বিনিয়োগ করে অর্ধেক অর্থ হারিয়েছেন।
এই মিমকয়েনটির নকশা এমনভাবে করা হয়েছিল যে, প্রতিবার এটি কেনাবেচা হলেই ট্রাম্প ও তার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো লেনদেন ফি হিসেবে অর্থ পেত। পিন্টোর অভিযোগ, প্রেসিডেন্টের প্রতি জনগণের আস্থাকে কাজে লাগিয়ে এই টোকেনের প্রচার চালিয়েছেন ট্রাম্প। তিনি একে ‘প্রায় একটি আইনি প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন।
তবে সমর্থকদের ঠকিয়ে ট্রাম্প মুনাফা করেছেন এমন দাবি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানীতে’ পরিণত করেছেন। তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সব পদক্ষেপ আমেরিকান জনগণের সর্বোত্তম স্বার্থে গৃহীত।’ ন্যানসেনের তথ্যে আরও দেখা গেছে, প্রায় ৫০ লাখ ওয়ালেট সম্মিলিতভাবে ৪০০ কোটি ডলার মুনাফা করেছে।
ট্রাম্প এর আগে ক্রিপ্টোকারেন্সির সমালোচনা করলেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণায় এই খাতকে সাদরে গ্রহণ করেছিলেন। তিনি ও তার ছেলেরা মিলে ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামে একটি ক্রিপ্টো প্রতিষ্ঠানও চালু করেছেন, যেটি ‘$WLFI’ নামে আরেকটি টোকেন বাজারে ছেড়েছে। এই টোকেনের দামও আগের তুলনায় ব্যাপকভাবে কমে গেছে।
ট্রাম্পের আর্থিক প্রকাশনা অনুযায়ী, ২০২৫ সালে এই প্রকল্প থেকে তিনি ৭৯ কোটি ৯০ লাখ ডলার আয় করেছেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি বিনিয়োগ থেকেও শত শত কোটি ডলার এসেছে। টোকেন বিক্রির আয়ের ৭৫ শতাংশ পেয়েছে ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত একটি প্রতিষ্ঠান।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



