স্পেস-এক্স ও টেসলার শেয়ারে পতন; মাস্কের সম্পদ কমলো ২৪০ বিলিয়ন ডলার

ইলন মাস্ক
ইলন মাস্ক | ছবি: রয়টার্স
0

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখো কোটিপতি হওয়ার গৌরব অর্জনের দুই সপ্তাহ পার হওয়ার আগেই সেই মর্যাদা হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের শেয়ারের ব্যাপক দরপতনের প্রভাবে মাস্কের ব্যক্তিগত সম্পদ কমে গেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, গত মঙ্গলবার নিউ ইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টায় মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫৭ বিলিয়ন ডলারে। অথচ মাত্র ১৪ দিন আগে তার সম্পদের মূল্যায়ন ছিল ১ দশমিক ১১ ট্রিলিয়ন ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দীর্ঘমেয়াদি মুনাফা নিয়ে বিনিয়োগকারীদের মনে সন্দেহ তৈরি হওয়ায় টেসলা ও স্পেস-এক্স—উভয় প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে। তবে সম্পদ কমলেও মাস্ক এখনো বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরেই রয়েছেন।

গত ১২ জুন মাস্কের রকেট কোম্পানি ‘স্পেস-এক্স’ নাসডাক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পর তিনি ইতিহাসে প্রথমবারের মতো ট্রিলিয়নিয়ার হওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন। স্পেস-এক্সের আইপিও মূল্য ছিল শেয়ারপ্রতি ১৩৫ ডলার, যা লেনদেনের শুরুতে ১৫০ ডলারে পৌঁছায়। মাস্কের হাতে এই প্রতিষ্ঠানের ৪২ শতাংশ শেয়ার থাকায় তার সম্পদের পরিমাণ ১ ট্রিলিয়ন ছাড়িয়ে যায়। ১৬ জুন নাগাদ শেয়ারের দাম ২২৫ ডলারে উঠলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ দশমিক ৩২ ট্রিলিয়ন ডলারে।

তবে এই জোয়ার স্থায়ী হয়নি। উচ্চ সুদের হার এবং এআই অবকাঠামোর খরচ নিয়ে উদ্বেগ বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে এনভিডিয়া, ইনটেল ও এএমডির মতো বড় টেক জায়ান্টগুলোর পাশাপাশি স্পেস-এক্স ও টেসলার শেয়ারের দামও কমেছে। গত ২২ জুন সোমবার এক দিনেই ১৬ শতাংশ দরপতনের ফলে মাস্কের ব্যক্তিগত সম্পদ থেকে প্রায় ২৪০ বিলিয়ন ডলার মুছে যায়। এর পরদিন তার ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও প্রায় ৬ শতাংশ কমে।

বাজার বিশ্লেষকদের মতে, মাস্কের সম্পদের প্রায় ৮০ শতাংশই স্পেস-এক্সের শেয়ারের ওপর নির্ভরশীল হওয়ায় বাজারের সামান্য অস্থিতিশীলতাও তার সম্পদে বড় প্রভাব ফেলে। এ জে বেল-এর আর্থিক বিশ্লেষণ প্রধান ডানি হিউসন বলেন, ‘স্পেস-এক্সের মতো স্টকের ক্ষেত্রে অনেক সময় আবেগ তাড়িত সিদ্ধান্ত কাজ করে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ও বাস্তবসম্মত হওয়া জরুরি।’ তবে স্পেস-এক্সের শেয়ারের দাম মাত্র ৬ শতাংশ বাড়লে মাস্ক আবারও ট্রিলিয়নিয়ারের তালিকায় ফিরবেন। ফলে তিনি বিশ্বের প্রথম ‘পুনরাবৃত্ত’ ট্রিলিয়নিয়ার হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

এএম